ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বমানের শিপ বিল্ডিং ইয়ার্ড নির্মাণে চুক্তি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 14 January, 2020, 10:57 PM

বিশ্বমানের শিপ বিল্ডিং ইয়ার্ড নির্মাণে চুক্তি

বিশ্বমানের শিপ বিল্ডিং ইয়ার্ড নির্মাণে চুক্তি

দেশে বিশ্বমানের একটি স্বয়ংসম্পূর্ণ শিপ বিল্ডিং ইয়ার্ড নির্মাণ ও সংশ্লিষ্টখাতের অত্যাধুনিক ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প স্থাপনে বিনিয়োগ করবে নেদারল্যান্ডের বিখ্যাত জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডামেন গ্রুপ ও সিঙ্গাপুরের উদ্যোক্তা প্রতিষ্ঠান জেন্টিয়াম সল্যুশনস।

প্রতিষ্ঠান দুটির সমন্বয়ে গঠিত দ্যা জেন্টিয়াম-ডামেন কনসোর্টিয়ামের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) শিল্প মন্ত্রণালয়ে এ চুক্তি সই হয়। যৌথ বিনিয়োগে পটুয়াখালী জেলার চরনিশান বাড়িয়া মৌজায় এ প্রকল্প বাস্তবায়ন হবে।

বিএসইসির পক্ষে সংস্থার সচিব ইঞ্জিনিয়ার মো. আবুল খায়ের সরদার, ডামেন গ্রুপের পক্ষে প্রতিষ্ঠানটির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক রোল্যান্ড ব্রিনি এবং জেন্টিয়াম সল্যুশন্সের পক্ষে প্রতিষ্ঠানটির কো-চেয়ারম্যান ইকতেদার হাসান মুরাদ চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তির আওতায় প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট এলাকায় প্রাক-সমীক্ষা যাচাই করা হবে। এর ভিত্তিতে দ্রুত যৌথ বিনিয়োগে শিপ বিল্ডিং ইয়ার্ড নির্মাণ ও সংশ্লিষ্টখাতের অত্যাধুনিক ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প স্থাপন করা হবে।

চুক্তি সই অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্পসচিব মো. আবদুল হালিম, বাংলাদেশে নেদারল্যান্ডের ডেপুটি হেড অব কমিশন জেরোয়েন স্টেগসহ শিল্প মন্ত্রণালয়, বিএসইসি এবং চুক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী বলেন, দেশের উদীয়মান জাহাজ নির্মাণ শিল্পখাতের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে শিল্প মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। ইতোমধ্যে বাংলাদেশে নির্মিত জাহাজ ডেনমার্ক, জার্মানি, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড, ইকুয়েডর, তানজানিয়া, গাম্বিয়া, দুবাই, উগান্ডা, কেনিয়া, ভারত, পাকিস্তান, মুজাম্বিক এবং মালদ্বীপে রফতানি হচ্ছে।

উল্লেখ্য, দেশের দক্ষিণ অঞ্চলে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদারে প্রধানমন্ত্রীর নির্দেশনায় পায়রা সমুদ্র বন্দরের কাছাকাছি পটুয়াখালী জেলার চরনিশান বাড়িয়ার মৌজায় জাহাজ নির্মাণ ও রিসাইক্লিং শিল্পজোন ঘোষণা করা হয়েছে। ১০৫ একর জমির ওপর এ শিল্পজোনে জাহাজ নির্মাণ এবং সংশ্লিষ্ট ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প গড়ে তোলা হচ্ছে।

বিশ্ব অর্থনৈতিক তথ্য বিশ্লেষণী সংস্থা ‘বিজনেস ওয়্যার’ এর হিসাব অনুযায়ী ২০২৬ সাল নাগাদ বিশ্বে জাহাজ ক্রয়খাতে ৬৫০ বিলিয়ন ডলারেরও বেশি খরচ হবে। ক্রয়ের ক্ষেত্রে পরিবেশবান্ধব জাহাজ বিশ্বে চাহিদার শীর্ষে থাকবে। একই সময়ে সমুদ্রগামী ছোট জাহাজ ও ভ্যাসেল শিল্পের চাহিদা বেড়ে প্রতিবছর ৪০০ বিলিয়ন ডলারে উন্নীত হবে। বিশ্ব জাহাজের মোট চাহিদার ১ শতাংশ যোগান দিতে পারলেও বাংলাদেশ এ খাত থেকে বছরে কমপক্ষে চার বিলিয়ন ডলার আয় করতে সক্ষম হবে। একই সঙ্গে পরিবেশবান্ধব সবুজ জাহাজ নির্মাণ শিল্প বিকাশের মাধ্যমে এসডিজি ২০৩০, রূপকল্প ২০৪১ এবং ডেল্টা পরিকল্পনা ২১০০ এর লক্ষ্যগুলো অর্জন সহজ হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status