ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩
প্রথম প্রান্তিকে রিটার্নে প্রণোদনা, সাড়া মিলেছে কতটা?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 16 September, 2026, 10:19 AM

প্রথম প্রান্তিকে রিটার্নে প্রণোদনা, সাড়া মিলেছে কতটা?

প্রথম প্রান্তিকে রিটার্নে প্রণোদনা, সাড়া মিলেছে কতটা?

চলতি করবর্ষ থেকে ব্যক্তিশ্রেণির করদাতাদের বছরজুড়ে আয়কর রিটার্ন দাখিলের সুযোগ দেওয়ার পাশাপাশি প্রথম প্রান্তিকে রিটার্ন দাখিলে প্রণোদনার ব্যবস্থা করেছে সরকার।

ইতোমধ্যে প্রথম প্রান্তিকের আড়াইমাস শেষ হতে চলেছে। ওই সুযোগে কেমন সারা মিলছে করদাতাদের তরফে? তারা কি করছাড়ের সুযোগ নিতে রিটার্ন দাখিলে আগ্রহী হচ্ছেন? নাকি আগের মতই শেষ সময়ের দিকে তাকিয়ে রয়েছেন?

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত ৬ লাখ ৩১ হাজার করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন।

প্রতিদিন গড়ে ২৫ হাজার করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করছেন। সে হিসাবে মঙ্গলবার পর্যন্ত রিটার্ন দাখিলকারীর সংখ্যা প্রায় ৬ লাখ ৮০ হাজার হওয়ার কথা।

গত ২০২৫-২৬ করবর্ষে ব্যক্তি ও কোম্পানি মিলিয়ে সাড়ে ৪৯ লাখ করদাতা রিটার্ন দাখিল করেন। ওই সময়ে টিআইএনধারী করদাতার সংখ্যা ছিল ১ কোটি ৩১ লাখ। এর মধ্যে প্রায় ৪৭ লাখ ব্যক্তি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেন।

টিআইএনধারী করদাতার সংখ্যা বিবেচনায় নিলে চলতি করবর্ষের আড়াই মাস শেষে এখনও বিপুল সংখ্যক করদাতা প্রথম প্রান্তিকের প্রণোদনায় সাড়া দেননি। তবে প্রথম প্রান্তিক শেষ হওয়ার পরই এ বিষয়ে প্রকৃত চিত্র পাওয়া যাবে।

এনবিআরের মাঠপর্যায়ের ও বোর্ডের একাধিক কর্মকর্তা মনে করছেন, সামষ্টিক অর্থনীতির চাপে সীমিত আয়ের মানুষের আয় মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে না বাড়ায় অনেক করদাতা ‘জিরো রিটার্ন’ বা করমুক্ত আয়সীমার মধ্যে আয় দেখাতে পারেন।

রিটার্ন দাখিলের বিপরীতে পাওয়া রাজস্বের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে বলে কর্মকর্তারা মনে করছেন।

৬ লাখ ৩১ হাজার রিটার্ন দাখিলের বিপরীতে সরকার আয়কর হিসেবে প্রায় ২১৬ কোটি টাকা রাজস্ব পেয়েছে।

তবে রিটার্ন দাখিলের সময় কর পরিশোধের পরিমাণ কম হওয়ার অন্যতম কারণ, অনেক করদাতার কাছ থেকে গাড়ির অগ্রিম কর, সঞ্চয়পত্রের মুনাফা ও ব্যাংক হিসাবের সুদের বিপরীতে উৎসে করসহ বিভিন্ন খাতে আগেই কর কেটে রাখা হয়।

এসব করদাতাদের মধ্যে যাদের গাড়ি রয়েছে সেখান থেকে অগ্রিম করবাবদ সরকারের রাজস্ব আদায় হয়েছে ৫৭ কোটি টাকা, সঞ্চয়পত্রের মুনাফার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৩০৪ টাকা, ব্যাংক হিসাবের সুদের বিপরীতে আয় হয়েছে ১৬০ কোটি টাকা এবং বিভিন্ন খাতে ও পর্যায়ের অগ্রিম আয়কর থেক আয় হয়েছে ৮৮০ কোটি টাকা।

চলতি করবর্ষে প্রথম প্রান্তিকেই রিটার্ন দাখিল করে প্রণোদনা পাওয়ার সুযোগ দিতে ২২ জুলাই ই-রিটার্ন সেবা চালু করে এনবিআর।

২০২৬-২০২৭ করবর্ষ থেকে ব্যক্তিশ্রেণির করদাতারা বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা প্রণোদনা পাওয়ার বিধান রয়েছে।

৩০ সেপ্টেম্বরের পর রিটার্ন দাখিল করলে এই প্রণোদনা প্রযোজ্য হবে না। আর ডিসেম্বরের পর রিটার্ন দাখিলের ক্ষেত্রে প্রযোজ্য অতিরিক্ত কর দিতে হবে।

যাদের অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক নয়

এনবিআর এবারও বিশেষ আদেশের মাধ্যমে স্বাভাবিক ব্যক্তি করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে।

তবে ৬৫ বছর বা তার বেশি বয়সী করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা অনলাইনের পরিবর্তে কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন।

এ ছাড়া ই-রিটার্ন ব্যবস্থায় নিবন্ধনসংক্রান্ত সমস্যার কারণে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন নিয়ে কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status