ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩
ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচন করবেন রাষ্ট্রপতির ভাই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 6 September, 2026, 9:22 PM

ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচন করবেন রাষ্ট্রপতির ভাই

ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচন করবেন রাষ্ট্রপতির ভাই

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন। রাষ্ট্রপতির পারিবারিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মির্জা ফয়সাল আমিন বর্তমানে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি। এর আগে তিনি ঠাকুরগাঁও পৌরসভার মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি জেলার রাজনীতিতে সক্রিয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী ২১ আগস্ট থেকে আসনটি শূন্য হয়।

এরপর থেকেই আসনটির উপনির্বাচনে বিএনপির প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে আলোচনা শুরু হয়। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে মির্জা ফয়সাল আমিনের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসে। একই সঙ্গে মির্জা ফখরুলের মেয়ে শামারুহ মির্জার নামও আলোচনায় ছিল।

তবে এবার পারিবারিক সূত্রে জানা গেছে, মির্জা ফয়সাল আমিনই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মির্জা পরিবারের দীর্ঘদিনের রাজনৈতিক ঐতিহ্য রয়েছে ঠাকুরগাঁওয়ে। মির্জা ফয়সালের বাবা প্রয়াত মির্জা রুহুল আমিনও রাজনীতিতে সক্রিয় ছিলেন। বড় ভাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও-১ আসনের রাজনীতিতে নেতৃত্ব দিয়ে আসছেন।

সম্প্রতি মির্জা ফয়সাল আমিন নিজেও জানিয়েছেন, ঠাকুরগাঁওয়ের অনেক নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। তবে তখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছিলেন তিনি।

এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল শিগগির ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

উপনির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনের নাম ইতোমধ্যে সামনে এসেছে। ফলে ভোটের মাঠে বিএনপির মির্জা ফয়সাল আমিন ও জামায়াতের দেলাওয়ার হোসেনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status