ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩
তিন দশকের ভালোবাসার গল্প : বাবু ও পলিন এর বিবাহোত্তর মুক্তো জয়ন্তী
বিনোদন ডেস্ক
প্রকাশ: Thursday, 27 August, 2026, 7:15 PM
সর্বশেষ আপডেট: Thursday, 27 August, 2026, 7:29 PM

তিন দশকের ভালোবাসার গল্প : বাবু ও পলিন এর বিবাহোত্তর  মুক্তো জয়ন্তী

তিন দশকের ভালোবাসার গল্প : বাবু ও পলিন এর বিবাহোত্তর মুক্তো জয়ন্তী

ত্রিশ বছর—সময়টা নেহাত কম নয়! কালের খেয়াঘেটে এই তিন দশকে পরিবর্তনের হাওয়া বয়ে গেছে বহুবার। নদীর স্রোতস্বিনী ধারা পথ বদলেছে, সময়ের নিয়মে শিশু রূপ নিয়েছে যুবায়, আর যুবা হেঁটেছে বার্ধক্যের পানে। বদলে যাওয়া এই পৃথিবীর বুকেই এক অটুট সম্পর্কের উপাখ্যান লিখে চলেছেন অভিনয়শিল্পী ও জনপ্রিয় উপস্থাপক শফিউল আলম বাবু এবং তাঁর সহধর্মিনী অভিনয়শিল্পী নাবিলা আলম পলিন যুগল।

২৮ আগস্ট ২০২৬। জীবনের আঙিনায় কখনো ফাগুনের সমীরণ, আবার কখনো বৈশাখের ঝোড়ো হাওয়াকে পাশ কাটিয়ে এক ছাদের নিচে পথচলার ত্রিশটি বছর পূর্ণ করলেন এই চির সবুজ দম্পত্তি।

স্মৃতির পাতা উল্টে বাবু-পলিন দম্পতি জানান, এই দীর্ঘ পথচলায় খুনশুটি কিংবা মান-অভিমানের ঝড় কম ওঠেনি। কিন্তু সম্পর্কের এমন এক অলিখিত গভীরতা তাঁদের বাঁধনে ছিল—যেখানে বিবাদের ঝড় উঠলেও কক্ষ কিংবা বিছানা আলাদা হয়নি কখনো। প্রতিটি টানাপোড়েন শেষ পর্যন্ত রূপ নিয়েছে পারস্পরিক গাঢ় ভালোবাসায়।

সংসার জীবনের এই দীর্ঘ সফরের শ্রেষ্ঠ প্রাপ্তি নিয়ে জানতে চাইলে-দুজনেই একবাক্যে বলেন, তাঁদের দুই সন্তানের কথা। পুত্র ঈশরাক আফ্রিদ অন্তিক ছোটবেলা থেকেই অভিনয় ও সংগীতের সঙ্গে যুক্ত। দেশে বিবিএ সম্পন্ন করে বর্তমানে তিনি উচ্চশিক্ষার উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। অন্যদিকে, কন্যা মেলিতা মেহজাবিন অর্পা বাবার ও মায়ের পথ ধরে অভিনয়কে আপন করে নিয়েছেন; পাশাপাশি পড়াশোনা করছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিবিএ-তে।

সাংস্কৃতিক অঙ্গনেও এই যুগলের অবদান ঈর্ষণীয়। শফিউল আলম বাবু দীর্ঘ ক্যারিয়ারে প্রায় দেড় হাজার একক নাটক, ৪০টি ধারাবাহিক, ১৮টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ওয়েব ফিল্মে কাজ করেছেন। পাশাপাশি ৪৫টি বিজ্ঞাপনে মডেলিং এবং ১২টি একক নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন। নিজ কণ্ঠের জাদুতে প্রায় অর্ধসহস্রাধিক বিজ্ঞাপন, ৫০টি ডাবিং সিরিয়াল এবং ৪০টি প্রতিবেদনে ভয়েস দিয়েছেন তিনি।
পিছিয়ে নেই নাবিলা আলম পলিনও। অভিনয়গুণে দর্শকদের মনে জায়গা করে নেওয়া এই শিল্পী এ যাবৎ প্রায় এক হাজার একক নাটক, ২০টি ধারাবাহিক, ১০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ওয়েব ফিল্ম এবং ১১টি বিজ্ঞাপনে অংশ নিয়েছেন।

বিবাহ বার্ষিকীতে কে কাকে কি উপহার দেবেন?
উত্তরে বাবু জানান, ৩১ এ পদার্পণ উপলক্ষে ৩১ টি বেলি ফুল সম্বলিত মালা। আর একটা লাল টুকটুকে শাড়ী। 
পলিন জানান, আর কি উপহার দেবো মার্শাল আর্টের একটা প্যাচ, যাতে বাকী জীবনে কোথাও যেতে না পারে, হি হি হি। 
ও হ্যা বলা হয়নি, পলিন অভিনয়ের পাশাপাশি কিশোর বয়সে জাতীয় পর্যায়ে মার্শাল আর্টে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিলেন পরপর তিনবার। পেয়েছিলেন ব্ল্যাকবেল্ট ও থ্রী ড্যান। 

এই ত্রিশ বছরে উপলব্ধি কি জানতে চাইলে দুজনেই একবাক্যে বলেন-
​আজ জীবনের এই পড়ন্ত বেলায় দাঁড়িয়ে আমাদের ছোট্ট কিছু উপলব্ধি জমা হয়েছে বুকে:
* ​তৃতীয় ব্যক্তির কানকথা কিংবা কূটচালকে কখনো কান দিতে নেই।
* ​ভালোবাসার চাদরে মুড়ে স্বাধীনতায় সবাইকে নিজেদের মতো বাঁচতে দেওয়া উচিত।
* ​দাম্পত্যের যেকোনো সমস্যাই আসবে, তা একা নয়, দু’জনকেই কাঁধে কাঁধ মিলিয়ে সমাধান করতে হবে।
* ​অর্থকষ্ট জীবনের চলার পথে আসতেই পারে, কিন্তু পাহাড়সম সেই সংকটও দুজনে মিলে হাসিমুখে মোকাবিলা করতে হবে।
* ​আর সর্বোপরি, যেকোনো মূল্যে পারস্পরিক বিশ্বাস অটুট রাখতে হবে।

সুদীর্ঘ ত্রিশটি বসন্ত পার করে আজও তাঁদের পথচলা থেমে নেই। জীবনের অবশিষ্ট অধ্যায় নিয়েও তাঁদের স্বপ্ন সাজানো খুব ছিমছাম কিন্তু গভীরভাবে অর্থবহ—পরিবারকে সঙ্গে নিয়ে এক ছাদের নিচে সম্মানের সঙ্গে শেষ নিঃশ্বাস পর্যন্ত বাঁচার আকুতি, আর চিরদিন অভিনয় শিল্পের আঙিনাতেই নিজেদের বাঁচিয়ে রাখার ইচ্ছা। 
বিবাহবার্ষিকীর এই শুভক্ষণে বিনোদন অঙ্গনের শিল্পী, কলাকুশলী ও ভক্তদের শুভকামনায় ভাসছেন এই ভালোবাসার বন্ধনে আবদ্ধ দম্পতি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status