ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩
কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Thursday, 20 August, 2026, 5:37 PM

কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামে ধরলা নদীর ভয়াবহ ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন নদীভাঙনকবলিত এলাকার শতাধিক মানুষ। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে বসতভিটা, আবাদি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় কুড়িগ্রাম উন্নয়ন বোর্ডের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী উপজেলার ৪ নম্বর বড়ভিটা ইউনিয়নের ১ নম্বর চর মেখলী ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের আয়োজনে এবং অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের সহযোগিতায় আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ধরলা নদীর অব্যাহত ভাঙনে ইতোমধ্যে চর মেখলী এলাকার বসতভিটা, আবাদি জমিসহ শত শত বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়েছে। একই সঙ্গে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনাও ভাঙনের হুমকিতে রয়েছে। প্রতি বছর নদীভাঙনে নতুন নতুন এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করা না হলে অবশিষ্ট ঘরবাড়ি ও সম্পদ হারিয়ে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়বে।

বক্তারা আরও বলেন, ধরলা নদীর তীরবর্তী লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলা এবং কুড়িগ্রাম জেলার কয়েকটি উপজেলায় নদীভাঙন রোধে বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও ফুলবাড়ী উপজেলার চর মেখলীসহ এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে স্থায়ী বাঁধের সুবিধা থেকে বঞ্চিত। ফলে ভাঙনপ্রবণ এলাকার মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। বৈষম্য দূর করে জরুরি ভিত্তিতে চর মেখলী এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান তারা।

অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের প্রতিনিধি আরজু খাতুন বলেন, চর মেখলী একটি অবহেলিত এলাকা। নদীভাঙন রোধে এখানে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করা জরুরি। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

কুড়িগ্রাম হাবের সাধারণ সম্পাদক এম রশিদ আলী বলেন, একই ধরলা নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় নদীভাঙন রোধে বাঁধ নির্মাণ করা হলেও ফুলবাড়ীর এই অংশে এখনো কার্যকর কোনো বাঁধ নির্মাণ করা হয়নি। আমরা দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানাই।

১ নম্বর চর মেখলী ওয়ার্ডের ইউপি সদস্য ইলিয়াস আলী বলেন, নির্বাচনের সময় এলাকার মানুষের পাশে থাকার এবং তাদের সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু দায়িত্ব নেওয়ার পরও আমার ওয়ার্ডের শত শত বিঘা জমি, দুটি ধর্মীয় প্রতিষ্ঠান ও একটি শিক্ষাপ্রতিষ্ঠান ধরলা নদীর ভাঙনের হুমকিতে রয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে যোগাযোগ এবং একাধিকবার মানববন্ধন করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

তিনি দ্রুত চর মেখলীর মানুষের দুর্দশা নিরসনে প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ, নদীর তীর সংরক্ষণ এবং ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের বসতভিটা ও আবাদি জমি রক্ষায় কার্যকর ও টেকসই পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status