|
কার্ড আটকানোর দিন শেষ, এটিএমে ছোঁয়া দিলেই মিলবে টাকা
নতুন সময় প্রতিবেদক
|
![]() কার্ড আটকানোর দিন শেষ, এটিএমে ছোঁয়া দিলেই মিলবে টাকা বেসরকারি খাতের সিটি ব্যাংক তাদের এটিএম নেটওয়ার্কে চালু করেছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তির এই সুবিধা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সিটি ব্যাংকের পাশাপাশি অন্য ব্যাংকের গ্রাহকেরাও এই সুবিধা ব্যবহার করতে পারবেন। সিটি ব্যাংক জানিয়েছে, ইতিমধ্যে তাদের ৭০ থেকে ৮০টি এটিএমে এই প্রযুক্তি চালু করা হয়েছে। ভবিষ্যতে নতুন এটিএম স্থাপন বা পুরোনো মেশিন পরিবর্তনের সময়ও এনএফসি-সুবিধাযুক্ত মেশিন বসানোর পরিকল্পনা রয়েছে ব্যাংকটির। প্রচলিত এটিএমে কার্ড নির্দিষ্ট স্লটে ঢোকানোর পর মেশিন কার্ডের তথ্য পড়ে। বিদ্যুৎ চলে যাওয়া, যন্ত্রে ত্রুটি বা অন্য কোনো সমস্যায় কখনো কখনো কার্ড মেশিনের ভেতরে আটকে যায়। বিশেষ করে অন্য ব্যাংকের কার্ড ব্যবহারের ক্ষেত্রে এমন ভোগান্তির মুখে পড়ার অভিজ্ঞতা অনেক গ্রাহকেরই রয়েছে। নতুন প্রযুক্তিতে সেই ঝুঁকি থাকছে না। কার্ড মেশিনে প্রবেশ না করায় তা আটকে যাওয়ার সুযোগও নেই। পাশাপাশি বারবার কার্ড ঢোকানো ও বের করার কারণে চিপ বা ম্যাগনেটিক স্ট্রিপ ক্ষয় হওয়ার আশঙ্কাও কমে যাবে। নিরাপত্তার দিক থেকেও এনএফসি প্রযুক্তিকে এগিয়ে রাখছেন ব্যাংক কর্মকর্তারা। প্রচলিত এটিএমে স্কিমিং ডিভাইসের মাধ্যমে কার্ডের তথ্য চুরির ঝুঁকি থাকলেও এনএফসি প্রযুক্তিতে কার্ড ও এটিএমের মধ্যে তারবিহীন সংকেতের মাধ্যমে তথ্য আদান-প্রদান হয়। ফলে কার্ডের তথ্য চুরি বা ক্লোন করার ঝুঁকি অনেকটাই কমে আসে বলে দাবি সিটি ব্যাংকের। সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক অরূপ হায়দার বলেন, গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করেই নতুন প্রযুক্তির এটিএম চালু করা হয়েছে। কার্ড মেশিনে প্রবেশ না করিয়েই গ্রাহকেরা দ্রুত ও স্বচ্ছন্দে লেনদেন করতে পারবেন। সিটি ব্যাংকের এটিএমে এই সুবিধা চালু হলেও এর ব্যবহার শুধু ব্যাংকটির গ্রাহকদের মধ্যে সীমাবদ্ধ নয়। ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবস্থার আওতায় অন্য ব্যাংকের গ্রাহকেরাও সিটি ব্যাংকের এটিএম ব্যবহার করতে পারবেন। তবে আন্তঃব্যাংক লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য ফি দিতে হবে। ব্যাংক খাতসংশ্লিষ্টদের মতে, এটিএম ব্যবহারে গতি ও নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি কার্ড আটকে যাওয়ার মতো প্রচলিত সমস্যার সমাধানে স্পর্শহীন প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এনএফসি-সুবিধাযুক্ত কার্ড ও এটিএমের ব্যবহার বাড়লে ভবিষ্যতে দেশের এটিএম সেবায়ও এ প্রযুক্তি আরও বিস্তৃত হতে পারে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
