|
অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো: কোথায় এবং কী থাকছে আয়োজনে?
নতুন সময় ডেস্ক
|
![]() অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো: কোথায় এবং কী থাকছে আয়োজনে? সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের এই ফরোয়ার্ড আগামী সপ্তাহে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন জর্জিনার সঙ্গে। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার পর বিয়ের অনুষ্ঠানটি হতে যাচ্ছে রোনালদোর শৈশবের শহর পর্তুগালের ফুঞ্চালের মাদেরায়। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদন বলছে, ৪১ বছর বয়সি রোনালদো ও ৩২ বছর বয়সি জর্জিনা রদ্রিগেজের বিয়ের মূল ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে ফুঞ্চাল ক্যাথেড্রালে। সাধারণত সেখানে বিকাল ৩টায় বিয়ের আচার শুরু হয়। ধর্মীয় আচার শেষে অতিথিদের জন্য রাখা মধ্যাহ্নভোজ ও মূল সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে সেখানকার বিখ্যাত পাঁচ তারকা হোটেল ‘সাভয় প্যালেস’। বিয়ের আমেজ নিয়ে সংবাদমাধ্যমকে হোটেলটির এক সূত্র জানান, ‘হোটেলের অতিথিদের ইতোমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী শুক্রবার ও শনিবার হোটেলের দুটি তলা সাধারণ অতিথিদের ব্যবহারের জন্য বন্ধ থাকবে। সেই সঙ্গে বারসহ বেশ কিছু বিশেষ এলাকাও নির্ধারিত থাকবে এই রাজকীয় আয়োজনের জন্য।’ এর আগে অবশ্য খবর ছড়িয়েছিল যে রেনেসাঁ আমলের ঐতিহ্যবাহী এস্টেট ‘কুইনতা দা রেগালেইরাতে’ বসবে বিয়ের আসর। তবে চলতি সপ্তাহে সেই ঐতিহাসিক প্রাসাদটি সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা থাকায় সেই গুঞ্জন ভুল প্রমাণিত হয়। সৌদি আরবের কোটি টাকার জাঁকজমক কিংবা বিলাসবহুল জীবনের অভাব নেই রোনালদোর। ১.২ থেকে ১.৪ বিলিয়ন ডলারের বিশাল সম্পদ যার ঝুলিতে, তিনি চাইলে বিশ্বের যে কোনো প্রান্তের সবচেয়ে ব্যয়বহুল স্থানে এই আয়োজন সারতে পারতেন। তবে জীবনের এই বিশেষ দিনটিতে নিজ জন্মভূমিতে ফিরে আসার সিদ্ধান্তটি যেন এক গভীর আবেগের সাক্ষী। ফুঞ্চাল শহরের একটি ছোট্ট ঘরে অতি দারিদ্র্যের মধ্য দিয়ে বেড়ে উঠেছিলেন রোনালদো, যেখানে এক রুমে ভাইবোনদের সঙ্গে রাত কাটাতে হতো তাকে। মাত্র ১১ বছর বয়সে স্পোর্টিং লিসবনে যোগ দিতে ঘর ছেড়েছিলেন যিনি, তিনি আজ গোটা বিশ্বের তারকা। যে শহর তাকে জন্ম দিয়েছিল, সেই শহরের ব্রোঞ্জের মূর্তি আর তার নামে তৈরি হোটেল এখন ইতিহাসের অংশ। বিলাসী জীবনের শীর্ষ চূড়ায় বসেও নিজের মূলকে ভুলে যাননি পর্তুগাল অধিনায়ক। সৌদি আরবের জমকালো জীবনের ভিড় ঠেলে নিজের জন্মস্থানের ভালোবাসার টানেই মাদেরার মাটিতে জর্জিয়ার হাত ধরে এক নতুন সূচনার অপেক্ষায় রোনালদো। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
