স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েই ঘুমিয়ে পড়লেন খাদ্যমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 4 April, 2019, 7:13 PM
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েই ঘুমিয়ে পড়লেন খাদ্যমন্ত্রী
সীমান্তে চোরাচালান বন্ধে টহল বাড়াতে বিজিবি সদস্যদের জন্য মোটরসাইকেল সংখ্যা বৃদ্ধি করতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এসময় তিনি মাদকসহ যেকোনো চোরাচালানকারীদের ধরে সঙ্গে সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজার ব্যবস্থা করতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান। এরপর তার বক্তব্য শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বক্তব্য শুরু করতেই ঘুমিয়ে পড়েন খাদ্যমন্ত্রী।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে বিজিবির সদর দফতরে এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এ সময় সভাস্থলে সীমান্তবর্তী এলাকার সংসদ সদস্য, মন্ত্রী এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ৩১ মার্চ (রোববার) বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর সংবাদ সম্মেলনে রাজউকের এক কর্মকর্তার ঘুম নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় বিজিবি সদর দফতরে দেশের সীমান্ত এলাকায় বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ ও আশু করণীয় সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বিজিবি সদস্যরা বক্তব্য রাখেন।
জানা গেছে, পর্যায়ক্রমে বক্তব্য দেন সীমান্ত এলাকার সংসদ সদস্যরা। পরে বেলা আড়াইটার দিকে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তার বক্তব্য শেষ হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বক্তব্য শুরু করেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য চলাকালে তার পাশেই ঘুমিয়ে পড়েন খাদ্যমন্ত্রী। বিষয়টি সভাস্থলের বড় স্ক্রিনেও ধরা পড়ে। এ নিয়ে অনুষ্ঠানস্থলে কানাঘুষা শুরু হলে সেখান থেকে ক্যামেরার ফোকাস সরিয়ে নেয়া হয়।
এছাড়া খাদ্যমন্ত্রী তার বক্তব্যে চোরাচালান ও মাদক ঠেকাতে সীমান্ত এলাকার থানায় দুর্বলচিত্তের কাউকে দায়িত্ব না দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান জানান।