|
সকালে ৩ ঘণ্টায় ঢাকায় ২৮ মিলিমিটার বৃষ্টি, থামবে কখন?
নতুন সময় প্রতিবেদক
|
![]() সকালে ৩ ঘণ্টায় ঢাকায় ২৮ মিলিমিটার বৃষ্টি, থামবে কখন? সকাল থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি প্রতিবেদন লেখা পর্যন্ত অব্যাহত রয়েছে। ফলে রাজধানীর বিভিন্ন সড়ক, মহাসড়ক ও অলিগলিতে পানি জমে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি অব্যাহত থাকবে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদফতর আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে। এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং কোথাও কোথাও ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ভূমিধসের সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের ভূমিধসের বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, ১১ থেকে ১২ জুলাই পর্যন্ত কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঝুঁকি রয়েছে। এসব এলাকায় দুই দিনে মোট ১০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ভূমিধ্বসের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি জেলাগুলো। রাজধানীর বর্তমান অবস্থা ভারী বৃষ্টির কারণে রাজধানীর মিরপুর, শেওড়াপাড়া, আগারগাঁও, মোহাম্মদপুর, ফার্মগেট, মালিবাগ, বাড্ডা, যাত্রাবাড়ী, ডেমরা, পুরান ঢাকা, শান্তিনগর, গুলিস্তান, মতিঝিল, পল্টন, কাকরাইলসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে। অনেক অলিগলি ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ায় অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন। এদিকে আবার খোড়াখুড়ির কারণে রাস্তার একপাশ কাটা থাকায় কোথাও কোথাও চলাচল ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। নদী বন্দরের অবস্থা দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, আজ সারাদিনই বৃষ্টি অব্যাহত থাকবে। আগামীকাল সোমবার বিকালের দিকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। তবে বৃষ্টি পুরোপুরি বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। তিন ঘণ্টায় ২৮ মিলিমিটার রাজধানীতে বৃষ্টি হয়েছে। এর আগের ২৪ ঘন্টায় ৯৭ মিলিমিটার। এখনো বৃষ্টি অব্যাহত আছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
চরভদ্রাসনে ইয়াবা সেবনের অভিযোগে তিন যুবক আদালতে প্রেরণ
চরভদ্রাসনে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত: ৮ মামলায় ৩ হাজার ৪০০ টাকা জরিমানা
ফুলবাড়ীতে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বন্যার্ত মানুষের পাশে দীঘিনালা জোন, ১৬ আশ্রয়কেন্দ্রে ৭৫১ জনের মাঝে দুপুরের খাবার বিতরণ
