|
দাউদকান্দির গৌরীপুর বাজারে আগুন, ২৫ দোকান পুড়ে ছাই
নতুন সময় প্রতিনিধি
|
![]() দাউদকান্দির গৌরীপুর বাজারে আগুন, ২৫ দোকান পুড়ে ছাই স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোরে একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে তা পাশের দোকানগুলোতেও ধরে যায়। খবর পেয়ে প্রথমে দাউদকান্দি ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পার্শ্ববর্তী গোমতী নদী থেকে পানি নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু ফার্নিচারের দোকানে দাহ্য রাসায়নিক (রঙের কেমিক্যাল) থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। পরে পার্শ্ববর্তী হোমনা ও চান্দিনা উপজেলা থেকে আরো ৬টি ইউনিট এসে অভিযানে যোগ দেয়। দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ব্যবসায়ীদের দাবি, আগুনে ১০টি ফার্নিচারের দোকান, ১টি ইলেকট্রিক ও এসি শোরুম, ২টি অটোরিকশা গ্যারেজ, ৪টি মুদি দোকান এবং চাল ও রমজান উপলক্ষে মজুত রাখা খেজুরের গোডাউনসহ মোট ২৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ফার্নিচার ব্যবসায়ী আমির হোসেন জানান, আগুনে আমাদের সব শেষ হয়ে গেছে। শুধু ফার্নিচার মার্কেটেই কয়েক কোটি টাকার মালামাল ছিল। প্রাথমিক হিসাবে এই ক্ষতির পরিমাণ প্রায় ৪ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। কুমিল্লা ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ইদ্রিস জানান, দাউদকান্দি, হোমনা ও চান্দিনা থেকে মোট ৯টি ইউনিট সম্মিলিতভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল হালিম জানান, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরা আগুন নেভাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করেছেন। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে তদন্ত চলছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলা প্রশাসনের কোনো কর্মকর্তাকে ঘটনাস্থলে দেখা যায়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
