নতুন গানে মুগ্ধতা ছড়াচ্ছেন কণ্ঠশিল্পী জেনিফার গোমেজ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 February, 2026, 5:21 PM
নতুন গানে মুগ্ধতা ছড়াচ্ছেন কণ্ঠশিল্পী জেনিফার গোমেজ
সংগীতপ্রেমীদের জন্য নতুন এক রোমান্টিক চমক নিয়ে হাজির হলেন কণ্ঠশিল্পী জেনিফার গোমেজ। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার নতুন গান ‘একখান চুম্মা’, যা মুক্তির পর পরই দর্শক-শ্রোতার মন ছুঁয়ে গেছে। গানটিতে জেনিফারের সঙ্গে কণ্ঠ দিয়েছেন জাকারিয়া মৃজাক ও মেঘ। রোমান্টিক আবহের সঙ্গে আধুনিক সংগীত ধারার মেলবন্ধনে গানটিকে আরও আকর্ষণীয় করে তুলেছেন কলকাতার সংগীত পরিচালক অভিমান পাল। গানটির কথা, সুর ও সংগীত আয়োজন, সবই তার করা। প্রেমের অনুভূতিকে সমসাময়িক ছোঁয়ায় তুলে ধরাই ছিল এই গানের মূল ভাবনা, যা শ্রোতার কাছে বেশ প্রশংসিত হচ্ছে। ‘একখান চুম্মা’ প্রকাশ পেয়েছে শিল্পীর ইউটিউব চ্যানেল জেনিফার গোমেজ অফিসিয়ালে। শিল্পী জানান, ২০২৬ সালে এটিই তার প্রথম প্রকাশিত গান। সামনে আরও বেশ কয়েকটি নতুন ও ভিন্নধর্মী কাজ নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছেন তিনি। জেনিফার গোমেজ আধুনিক ঘরানার গানেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এর আগেও তার গাওয়া একাধিক গান শ্রোতা মহলে জনপ্রিয়তা পেয়েছে। উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘দুজন মিলে উড়ব আকাশে’, ‘ধোঁকাবাজ’ এবং হিন্দি গান ‘দিলরুবা’, যেখানে তার সহশিল্পী ছিলেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী কুমার শানু। পাশাপাশি তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত বেশ কিছু মেলোডিয়াস গানও শ্রোতাদের ভালোবাসা পেয়েছে। গানকে ভালোবেসেই বাংলা সংগীত নিয়ে কাজ করে যেতে চান জেনিফার। নতুন বছরে আরও একাধিক গান দিয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করার প্রত্যাশা তার।