|
শতাধিক কুকুর পেলো নতুন আশ্রয়
নতুন সময় ডেস্ক
|
![]() শতাধিক কুকুর পেলো নতুন আশ্রয় বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পটুয়াখালী পৌরশহরে ঘুরে ঘুরে কুকুরদের জন্য বিভিন্ন স্থানে খড়কুটো ভর্তি পাটের বস্তা দিয়ে বিছানা তৈরি ও স্থাপন করা হয়। প্রায় শতাধিক কুকুরের জন্য এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী। এই কাজে সহযোগিতা করেছেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। সংগঠনের সদস্যরা জানান, পাটের বস্তার মধ্যে খড়কুটো দিয়ে কুকুরদের জন্য উষ্ণ বিছানা তৈরি করা হয়েছে। পটুয়াখালী পৌর শহরের বিভিন্ন এলাকায় প্রায় ১৫০টি বস্তার বিছানা বিতরণ করা হয়েছে। অনেক কুকুর ইতিমধ্যে এসব বস্তার বিছানায় আশ্রয় নিয়েছে। অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী-এর পরিচালক আবদুল কাইউম বলেন, ‘অতিরিক্ত শীতে কুকুরগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। কিছু কুকুরের বাচ্চাও মারা গেছে। তাই কষ্টে থাকা কুকুরদের জন্য সামান্য উষ্ণতা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’ পটুয়াখালী পৌর প্রশাসক মো. জুয়েল রানা বলেন, ‘এটি একটি ভালো উদ্যোগ। কুকুরের জন্য বস্তা বিতরণে পৌরসভার গাড়ি ব্যবহৃত হয়েছে। পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদেরও জানানো হয়েছে যেন বিছানো বস্তাগুলো কেউ ফেলে না দেয়। ভালো কাজে আমাদের সহযোগিতা সবসময় থাকবে।’
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
