|
মির্জা ফখরুল আটক, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
নতুন সময় ডেস্ক
|
![]() মির্জা ফখরুল আটক, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ বিএনপির ডাকা হরতালের সকালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে আটক করে নিয়ে গেছে পুলিশ। তার স্ত্রী রাহাত আরা বেগম জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে গোয়েন্দা পুলিশের সদস্যরা এসে একটি সাদা মাইক্রোবাসে করে বাসা থেকে নিয়ে যায় বিএনপি মহাসচিবকে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) খ. মহিদ উদ্দিন বলেন, “তাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তারাই বলতে পারবে।” মির্জা ফখরুলকে কোন মামলায় আটক করা হয়েছে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের নেতৃত্বে থাকা অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেন, “আমি মিটিংয়ে পরে কথা বলব।” রাহাত আরা বেগম তার বাসায় সাংবাদিকদের বলেন, রোবাবর সকালে পুলিশের লোকজন বাসায় এসে সবার সঙ্গে কথা বলে, এরপর বাসা এবং ভবনের সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে চলে যায়। পরে আবার ফিরে এসে মির্জা ফখরুলকে আটক করে নিয়ে যায়। তবে সর্বশেষ জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্র জানিয়েছে। ডিবির একটি নির্ভরযোগ্য সূত্র বলেছে, রবিবার সকাল সাড়ে নয়টার দিকে মির্জা ফখরুলকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। ডিবি কার্যালেয়ে প্রধান ফটকের সামনে সাংবাদিকরা অপেক্ষা করছেন বিস্তারিত তথ্য জানার জন্য। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
