ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
ঝড়ের কবলে হেলিকপ্টার, মমতা বন্দ্যোপাধ্যায় আহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 27 June, 2023, 7:10 PM

ঝড়ের কবলে হেলিকপ্টার, মমতা বন্দ্যোপাধ্যায় আহত

ঝড়ের কবলে হেলিকপ্টার, মমতা বন্দ্যোপাধ্যায় আহত

হেলিকপ্টার দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি থেকে বাগডোগরায় ফেরার সময় ঝড়-বৃষ্টির কবলে পড়ে মমতাকে বহন করা হেলিকপ্টারটি। পরে ভারতীয় সেনার সেবক এয়ার বেসে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করা হয়। এ সময় দ্রুত নামতে গিয়ে পায়ে ও কোমরে আঘাত পান মমতা।  তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ফোন করে মমতার খোঁজ-খবর নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

জানা যায়, মঙ্গলবার বিকেলে বৈকুণ্ঠপুরের জঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড়-বৃষ্টির কবলে পড়ে হেলিকপ্টারটি। হঠাৎ এটি  দুলতে শুরু করে। এ সময় হেলিকপ্টারটি  জরুরি অবতরণ করার সময় দ্রুত নামতে গিয়ে পায়ে ও কোমরে চট পান মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের ভোটপ্রচারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জলপাইগুড়ির ক্রান্তিতে জনসভা ছিল। সেখান থেকে বাগডোগরা বিমানবন্দর হয়ে বিকেলে কলকাতা ফেরার কথা ছিল তার। কিন্তু বাগডোগরা পৌঁছনোর আগেই দুর্যোগের কবলে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারটি।

পশ্চিমবঙ্গের সচিবালয় সূত্রে জানা যায়, সেনা এয়ার বেসে জরুরি অবতরণের সময় কর্তৃপক্ষের থেকে আলাদা করে অনুমতি নিতে হয়। কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে, আর অনুমতি নেওয়ার জন্য অপেক্ষা করেননি পাইলট। এরপর সেবক থেকে সড়কপথে বাগডোগরা পৌঁছন মমতা। সেখান থেকে কলকাতা বিমানবন্দরে যান তিনি। বিকেল চারটা ৩৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন মমতা। বাইরে অ্যাম্বুলেন্স রাখা হয়েছিল। কিন্তু তাতে না উঠে নিজের গাড়িতেই রওনা দেন মুখ্যমন্ত্রী।

এ সময় বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকরা মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন, কেমন আছেন। গাড়ির সামনের সিটে বসে সাংবাদিকদের উদ্দেশে না সূচক হাত নাড়েন মমতা।

এরপরেই গ্রিন করিডোর করে মুখ্যমন্ত্রী মমতাকে নিয়ে যাওয়া হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। সেখানেই তার চিকিৎসা শুরু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, এই মুহূর্তে পায়ে ও কোমরে মমতা প্রচণ্ড ব্যথা অনুভব করছেন। তাই চোট কতটা গুরুতর খতিয়ে দেখবেন কলকাতার চিকিৎসকরা। আপাতত উডবার্ন ব্লকের সাড়ে ১২ নম্বর কেবিনটি বরাদ্দ হয়েছে মমতার জন্য। সেখানেই তার চিকিৎসা হবে।  এসএসকেএমের ফিজিক্যাল মেডিসিনের বিভাগীয় প্রধান চিকিৎসক রাজেশ প্রামানিক, রেডিওলজি বিভাগের প্রধান অর্চনা সিংহ, নিউরো মেডিসিনের শিক্ষক চিকিৎসক অলোক পন্ডিত পরীক্ষা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরীক্ষা-নিরীক্ষা করছেন।

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে নন্দীগ্রামে পা ভেঙেছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভাঙ্গা পা নিয়ে রাজ্যজুড়ে প্রচারে ঝড় তুলেছিলেন মমতা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status