রমজান মাস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন সময়সূচি অনুযায়ী, এক শিফটের প্রতিষ্ঠানে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা এবং দুই শিফটের প্রতিষ্ঠান প্রভাতি সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা ১০ মিনিট ও দিবা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত ক্লাস চলবে।
দুই শিফটের জন্য প্রতিদিন ৪টি ক্লাস ও এক শিফটের জন্য প্রতিদিন ৫টি ক্লাস অনুষ্ঠিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ স্ব-স্ব রুটিন প্রণয়ন করবে। নির্দেশনা অনুসরণ করে শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় শিখন ঘাটতি পূরণে পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়। এবার রমজানে ২৬ এপ্রিল পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন প্রতিষ্ঠান এবং ৩০ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
উল্লেখ্য, করোনার কারণে ২০২০ সালের ১৭ মার্চ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। ১৮ মাস পর গত সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়। কিন্তু এরপর নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার, যা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ছিল। এরপর প্রথমে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হয়। পরে মার্চের প্রথম সপ্তাহে প্রাথমিক বিদ্যালয়ও খুলে দেয়া হয়। বর্তমানে প্রাক-প্রাথমিকের ক্লাসও চলছে।