রোববার বিকালে হোটেল ছেড়ে বের হয়ে যাচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। গন্তব্য ঢাকা। তার আগে সেখানে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন না যদি দলটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আলী চৌধুরী দায়িত্বে থাকেন! হোটেলের নিচ থেকে তাকে ফিরিয়ে নিয়ে যান ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের এক প্রতিনিধি। এরপর সংবাদ সম্মেলন করে জানানো হয় দু’পক্ষের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে! তবে মিরাজ ও চ্যালেঞ্জার্স-কাণ্ডে জমে উঠে দারুণ নাটক। ছড়িয়ে পড়ে ফিক্সিংয়ের গন্ধ। এ নিয়ে বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলও বিব্রত। গতকাল অনুষ্ঠিত হয় জরুরি মিটিং। সেখানে দুই পক্ষকেই তলব করার সিদ্ধান্ত নেয়া হয়।
এমন ঘটনায় জেরা করা হবে তাদের। ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজিদের সহনশীল হওয়ার পরামর্শও দেয়া হয়। জানানো হয়, ঘটনায় দোষী প্রমাণিত হলে পেতে হবে শাস্তি।
এ বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘শাস্তি অবশ্যই, কিন্তু প্রথমে দেখবো যে শুধু ভুল বোঝাবুঝি না অন্য কিছু। এরপর সেই অনুযায়ী ব্যবস্থা নেবো। আমরা সিদ্ধান্ত নিয়েছি মিরাজ ও চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিককে নিয়ে মুখোমুখি বসবো। শুনানি হবে। তারাই জানাবে আসলে কী হয়েছে। বিসিবি সভাপতি আমাদের নিদের্শ দিয়েছেন পুরো বিষয়টাকে যেন আমরা তদারকি করি, কি হয়েছে সেটা জেনে ব্যবস্থা গ্রহণ করি।
মিরাজ ও তার দল চট্টগ্রামের এমন মুখোমুিখ হওয়ার ঘটনায় বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল বলেন, ‘আমরা ঘটনাটা শুনলাম। আমরা আলাপ আলোচনা করেছি, আমি ছিলাম, মল্লিক ভাইও ছিল। সবার সঙ্গে কথা বলার পরে আমরা যেটা দেখেছি মিরাজেরও এখানে ভুল আছে, ম্যানেজমেন্টেরও ভুল আছে। মিরাজের মতো জাতীয় এবং উঁচু মানের ক্রিকেটার হয়ে টুর্নামেন্ট চলাকালীন এমন ভুমিকা রাখা ঠিক হয়নি। তার আরো অপেক্ষা করা উচিত ছিল। যেহেতু আমরা বিসিবি’র কমিটি ছিলাম সেখানে সে বলে অপেক্ষা করতে পারতো। এখানে ফ্র্যাঞ্চাইজিরও সমস্যা আছে, আমি তাদেরও ছাড় দেবো না। তাদের শুনানি হবে কয়েকদিনের মধ্যে। দু’পক্ষ নিয়েই আমরা শুনানি করবো। এখানে ফ্র্যাঞ্চাইজিরও ধৈর্য ধরা উচিত ছিল। তারা দু’পক্ষই নিজেদের মাঝে আলোচনা করে একটা কিছু করতে পারতো। এত বড় পর্যায়ে যাওয়ার বিষয় ছিল না।
ঘটনার সূত্রপাত ম্যাচের তিন ঘণ্টা আগে। অধিনায়কত্ব থেকে সরানোর কারণে দল ছেড়ে চলে যেতে চেয়েছিলেন মিরাজ। বোর্ডের হস্তক্ষেপে প্রাথমিকভাবে দু’পক্ষ আলোচনার পর অবশ্য সমাধান হয় বিষয়টির। গতকাল মিরাজ চট্টগ্রামের হয়ে মাঠেও নামেন। তবে যা হওয়ার তাই হয়েছে। মিরাজের অভিযোগের আঙুল চট্টগ্রামের সিইও ইয়াসিরের দিকে। মিরাজের দাবি কোনো অসৎ কারণেই হঠাৎ তার নেতৃত্ব কেড়ে নেয়া হয়েছে। তবে মিরাজ শুরুর দিকে বিসিবিকে চিঠি দিয়ে জানিয়েছিল মায়ের অসুস্থতার কারণে খেলতে চাইছেন না। তবে পরে সংবাদমাধ্যমে দেন অন্যরকম বক্তব্য। এ বিষয়ে ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘আমি এই ঘটনার পর নিজে মালিকপক্ষকে ফোন করে বলেছি যেন এটা সমাধা করে।
প্রত্যেককেই দায়িত্বশীল হতে হবে। মিরাজ একজন জাতীয় ক্রিকেটার, তাকে নেতৃত্ব থেকে সরানোর একটা প্রক্রিয়া আছে। আবার কোচ বলছেন তিনি নেতৃত্ব বদলের ব্যাপারে কিছু জানেন না। দল যখন ঢাকায় আসবে একটা শুনানি হবে। জুমেও করতে পারতাম কিন্তু আমরা সামনাসামনি মিরাজের কথাও শুনবো এবং মালিকপক্ষের কথাও শুনবো। তবে মিরাজের উচিত ছিল এভাবে বায়ো-বাবল না ভাঙা। প্রত্যেককে দায়িত্বপূর্ণ হওয়ার দরকার।’ মিরাজের নেতৃত্ব কেড়ে নেয়ার দায় চাপানো হয়েছিল দলটির সদ্য বিদায়ী কোচ পল নিক্সনের ওপর। তবে নিক্সন সরাসরি অস্বীকার করেছেন সেটি। যে কারণে দলটির সিইও’র দেয়া এই মিথ্যা তথ্যও সমালোচনা তৈরি করেছে। ২০১৩ বিপিএলে মাশরাফি বিন মুর্তজাকে সারিয়ে মোহাম্মদ আশরাফুলকে অধিনায়ক করা হয়েছিল ঢাকার। এরপরই আশরাফুলের ফিক্সিং-কাণ্ড সামনে আসে। তাই মিরাজের ঘটানাতেও ফিক্সিংয়ের গন্ধ পাওয়া যাচ্ছে বলে সবার ধারণা। এ বিষয়ে মল্লিক বলেন, ‘শুধু বিসিবি অ্যান্টি করাপশন না, আইসিসিও সব ম্যাচ ফলো করছে। প্রতি দলের সঙ্গে আমাদের একজন করে লোক আছে। আমরা শুধু এই ব্যাপার না সব বিষয়কেই গুরুত্বের সঙ্গে নিই। এটা যেহেতু নেগেটিভ ভাবে প্রচার হয়েছে এটা নিয়ে অবশ্যই গুরুত্ব সহকারে দেখবো। তবে এখনও এরকম কিছু আমাদের কাছে আসেনি। ওদের প্রেস কনফারেন্সে দু’জনই বলেছে এটা মনোমালিন্য ও যোগাযোগের অভাবে ঘটেছে।’