ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
আজ বাংলাদেশ-ভারত মুখোমুখি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 29 January, 2022, 11:54 AM
সর্বশেষ আপডেট: Saturday, 29 January, 2022, 12:23 PM

আজ বাংলাদেশ-ভারত মুখোমুখি

আজ বাংলাদেশ-ভারত মুখোমুখি

পচেফস্ট্রুম ফিরে আসছে অ্যান্টিগায়। ২০২০ সালে পচেফস্ট্রুমের ফাইনালে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। দুই বছর পর আরেকটি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের মঞ্চেই দেখা হচ্ছে দুই দলের। অ্যান্টিগার সেই ম্যাচ জিতে সেমিফাইনালে খেলতে মুখিয়ে বাংলাদেশ যুব দলের অধিনায়ক রাকিবুল হাসান।

বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টায় শুরু হবে বাংলাদেশ-ভারত মহারণ। এক ভিডিও বার্তায় গতকাল বাংলাদেশ অধিনায়ক জানালেন,‘কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে পাঁচ-ছয় দিনের বিরতি পেয়েছি। এই সময়ে ভালোভাবে অনুশীলন করেছি আমরা। মানসিক ও শারীরিক দিক থেকে খুব ভালো অবস্থানে আছি। গত দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসও বেড়েছে। বোলাররা ভালো বল করেছে, ব্যাটাররা রান পেয়েছে। তাই আশাবাদী আমি। ’

বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল যাচ্ছেতাই। ইংল্যান্ডের বিপক্ষে গুটিয়ে গিয়েছিল মাত্র ৯৭ রানে। সেই ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ান যুবারা। কানাডাকে ৮ উইকেটে আর আরব আমিরাতকে বৃষ্টি আইনে ৯ উইকেটে হারিয়ে নিশ্চিত করেন শেষ আটের টিকিট। গত ফাইনালে হারলেও চারবারের চ্যাম্পিয়ন ভারত এবার অন্যতম ফেভারিট।  
নিজেদের গ্রুপ ‘বি’তে তারা দক্ষিণ আফ্রিকাকে ৪৫ রানে, আয়ারল্যান্ডকে ১৭৪ রানে আর উগান্ডাকে হারিয়েছে ৩২৬ রানের বড় ব্যবধানে। করোনার কারণে অধিনায়কসহ দলের নিয়মিত কয়েকজন না থাকলেও শূন্যতাটা বুঝতে দেয়নি তারা। আজ বাংলাদেশের বিপক্ষে করোনামুক্ত হয়ে ফিরছেন সবাই। এর পরও ভারতকে ভয় না পেয়ে সাহসী ক্রিকেটের প্রতিশ্রুতি রাকিবুলের কণ্ঠে, ‘আমাদের যে পরিকল্পনা আছে সেটা মাঠে শতভাগ কার্যকরের চেষ্টা করব। আমরা ওদের সঙ্গে সাহসী ও ইতিবাচক ক্রিকেট খেলব, যেন আমরা ভালো একটা ফল নিয়ে বের হয়ে যেতে পারি। ’

ভারতের বিপক্ষে গত কিছুদিনে বেশ কিছু ম্যাচ খেলেছে বাংলাদেশ। ভারতের মাটিতেই অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে স্বাগতিকদের হারিয়ে শিরোপা জিতেছেন যুবারা। ভারত প্রতিশোধ নিয়েছে এশিয়া কাপে। সেমিফাইনালে বাংলাদেশকে ১০৩ রানে হারায় তারা। ভারতের ২৪৩ রানের জবাবে বাংলাদেশ গুটিয়ে যায় ১৪০-এ। এ নিয়ে রাকিবুল জানালেন, ‘ভারতের বিপক্ষে গত কয়েক দিনে বেশ কিছু ম্যাচ খেলেছি। ওদের দেশে খেলার পর এশিয়া কাপে খেলেছি। তাই ওদের শক্তি ও দুর্বলতাগুলো জানা আছে । আমরা ওদের বিপক্ষে যে পরিকল্পনা নিয়ে খেলব, সেটা যদি কাজে লাগাতে পারি আর ছোট ছোট ভুলগুলো না করি, তাহলে ভালো একটা ফল নিয়ে বের হতে পারব। আসল কথা হচ্ছে দিনশেষে আমরা ফলের চিন্তা না করে ভালো ক্রিকেটের কথাই ভাবছি। ’


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status