মোটরসাইকেল চালকের লাশ ৫ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক ট্রাক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 29 July, 2021, 5:55 PM
মোটরসাইকেল চালকের লাশ ৫ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক ট্রাক
চাঁদপুরে ট্রাকের চাপায় নিহত এক মোটরসাইকেল চালকের লাশ প্রায় পাঁচ কিলোমিটার টেনে নিয়ে যায় ঘাতক ট্রাক। পরে ট্রাকের নিচ থেকে মোটরসাইকেল চালক নাসির উদ্দিনের লাশ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৯ জুলাই) চাঁদপুর সদর উপজেলার চাঁনখার বাজারস্থ চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দিন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মৃত সোলেমান মিজির ছেলে। তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। কুমিল্লার শাসনগাছা এলাকায় থেকে ঠিকাদারি করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, যশোর থেকে ছেড়ে আসা গাছ বোঝাই ট্রাকটি চাঁদপুর হয়ে নাঙ্গলকোটের উদ্দেশ্যে যাত্রাকালে চাঁদখার বাজার এলাকায় আসলে মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এ সময় নিহত নাসির উদ্দিনকে ট্রাকটি প্রায় ৫ কিলোমিটার টেনে-হিঁচড়ে নিয়ে যায়। কিছুদূর যাওয়ার পর ট্রাকের নিচ দিয়ে মোটরসাইকেলেটি বেরিয়ে গেলেও ট্রাকের নিচের কোনো এক স্থানে আটকে যান মোটরসাইকেল চালক নাসির উদ্দিন। পরে ঘোষেরহাট এলাকার কয়েকজন সিএনজি চালক ট্রাকের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।
চাঁদপুর সদর মডেল থানার এসআই ইকবাল হোসেন বলেন, চালকের সহযোগী পালিয়ে গেলেও চালক গোলাম মোস্তফা ডাবলুকে সিএনজি চালকরা আটক করে রাখে। চালকের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলায়। আমরা ঘটনাস্থলে এসে ঘাতক ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে আসি।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, নিহত নাসির উদ্দিন পেশায় একজন ঠিকাদার ছিলেন। দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চাঁদপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।