ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
যে কারণে গ্রেপ্তার হলেন গরিবের বন্ধু বিশেষজ্ঞ চিকিৎসক
দেলোয়ার হোসাইন রোশাই
প্রকাশ: Tuesday, 19 January, 2021, 5:56 PM

যে কারণে গ্রেপ্তার হলেন গরিবের বন্ধু বিশেষজ্ঞ চিকিৎসক

যে কারণে গ্রেপ্তার হলেন গরিবের বন্ধু বিশেষজ্ঞ চিকিৎসক

তিনি 'এমবিবিএস ডাক্তার'। আছে পিজিটি ডিগ্রিও। বাস্তবে চিকিৎসা বিষয়ক কোন সার্টিফিকেট না থাকলেও  শিশু, মেডিসিন এবং সার্জারি বিশেষজ্ঞ পরিচয়ে দীর্ঘ ১১ বছর অসংখ্য রোগীর সাথে প্রতারণা করার পর অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রামের রাউজান উপজেলার মৃত আবুল কাশেমের পুত্র কথিত ডাক্তার জাহাঙ্গীর আলম।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (১৮ জানুয়ারি, সোমবার) বিকেল ৪ ঘটিকায় চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম এবং রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুনসহ রাউজান থানা পুলিশ অভিযান চালিয়ে প্রতারক জাহাঙ্গীরকে আটক করে। এ সময় উপজেলাধীন নোয়াপাড়া পথেরহাটস্থ তার চেম্বার থেকে জব্দ করা হয় প্রতারণার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ প্রেসক্রিপশন প্যাড, ভিজিটিং কার্ড, সিল, সাইনবোর্ডসহ অন্যান্য কাগজপত্র।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, অভিযান চলাকালে প্রথমে প্রতারক জাহাঙ্গীর চিকিৎসা বিষয়ক বিভিন্ন পরিভাষা (টার্ম) উল্লেখ করে উপস্থিত পুলিশ কর্মকর্তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা চালান। কিন্তু পুলিশের জেরার মুখে কোন প্রকার সনদ বা বিএমডিসি নিবন্ধনের প্রমাণপত্র উপস্থাপনে ব্যর্থ হয়ে পরবর্তীতে প্রতারণার বিষয়টি স্বীকার করে নেন তিনি। এক পর্যায়ে তিনি গরিবের বন্ধু হিসেবে সারাজীবন ভূমিকা পালন করে এসেছেন দাবি করে তাকে গ্রেপ্তার না করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদেরকে অনুরোধ করেন। সার্টিফিকেট না থাকলেও সারাজীবন অনেক কম পয়সায় অসংখ্য গরিব রোগীকে যথাযথ  চিকিৎসাসেবা দিয়েছেন মর্মেও দাবি তার।

শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা নিতে আসা নোয়াপাড়া ইউনিয়নের মোকামী পাড়া এলাকার জাহানারা বেগম বলেন, ‘জাহাঙ্গীর আলম এমবিবিএস চিকিৎসক পরিচয় দেওয়ায় আমি তার কাছে চিকিৎসা করি, তিনি আমার কাছ থেকে ৪শ টাকা ফি নেন। এর আগে আরও অনেকবার দেখিয়েছি। আজ (সোমবার) আসতে বলেছেন তাই এসেছি।’

অভিযানের নেতৃত্বে থাকা চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম বলেন, ‘অনেকদিন ধরেই ভুয়া ডাক্তার জাহাঙ্গীরকে আমরা সন্দেহের তালিকায় রেখেছিলাম।  অবশেষে সুস্পষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে আজ রাউজান পথেরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। ভবিষ্যতেও বিভিন্ন পেশার সম্মান রক্ষার্থে ভুয়া পেশাজীবী পরিচয়দানকারী ব্যক্তিদের বিরুদ্ধে আমাদের অনুরূপ অনুসন্ধান ও অভিযান অব্যাহত থাকবে।

 এ সময় গ্রেপ্তারকৃত জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে পুলিশ বাদী হয়ে নিয়মিত মামলা রুজু করার বিষয়টিও নিশ্চিত করেন রাউজান-রাঙ্গুনিয়ার এই শীর্ষ পুলিশ কর্মকর্তা।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ এপ্রিল অভিযুক্ত প্রতারক জাহাঙ্গীরকে  একই অভিযোগে  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন রেজার নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত দুই লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেছিলেন। তাতেও ক্ষান্ত না হয়ে ভুয়া ডাক্তার সেজে প্রতারণা অব্যাহত রাখায়  এবার এএসপির নেতৃত্বাধীন পুলিশ ফোর্সের নিকট গ্রেপ্তারই হতে হলো তাকে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status