এ বছর তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। শুক্রবার ২০২১- দ্যা স্টোরি অব এ ইয়ার ইন ১২ লিডার্স শিরোনামে প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে তারা এ বিশ্লেষণ প্রকাশ করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ বছরের ২৬ ফেব্রুয়ারিতে ৬৭ বছরে পা দেবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। এ মাসে এবং তার দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি গঠনের ২০ বছর পূর্ণ হবে। এই দল গঠনের মধ্য দিয়ে তিনি ‘স্ট্রংম্যান’ হিসেবে জায়গা করে নিয়েছেন তুরস্কের রাজনীতিতে।
বিশ্বনেতাদের মধ্যে তিনি সংস্কারপন্থী ও গণতান্ত্রিক শাসক হিসেবে পেরু থেকে থাইল্যান্ড, বেলারুস থেকে হংকং বিভিন্ন দেশে নিজেদের কর্তৃত্ব স্থাপন করছেন।
গার্ডিয়ানের বিশ্লেষণে আরও উল্লেখ করা হয়, এরদোগানের মতো রাজনীতিবিদরা আগ্রাসী পররাষ্ট্রনীতি পরিচালনা করে থাকেন। এরা অভ্যন্তরীণ সমস্যা মেটানোর জন্য বাইরে হস্তক্ষেপ করেন। ফলে সিরিয়া ও লিবিয়ায় তুর্কি হস্তক্ষেপ এবং বলকান ও ককেসাস অঞ্চলে তুরস্কের প্রভাব বাড়বে।
গার্ডিয়ানের মতে, ট্রাম্পের পর বাইডেন কিছুটা নমনীয় হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটবেন এরদোগান। তিনি ইউরোপীয় ইউনিয়ন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবেন।
মতবিরোধ পরিহার করে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
গত বছরের শেষ দিকে বিশ্বের সব মুসলিমদের মতবিরোধ পরিহার করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তুর্কি প্রেসিডেন্ট এরদোগান।
তিনি বলেন, ইসলাম ধর্মের অবমাননা প্রতিরোধের জন্য প্রথমে নিজেদের সব মতবিরোধ পরিহার করে আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা গড়ে তুলতে হবে।
গত ২৯ নভেম্বর ‘মুসলিম আমেরিকান সোসাইটির (এমএএস)-এর ২৩তম বার্ষিক সভায় ফিলিস্তিন, জেরুজালেম, ইয়েমেন, সিরিয়াসহ বিশ্বের নিপীড়িত মুসলিম জনগোষ্ঠীর পাশের দাঁড়ানোর আহ্বান জানান বিভিন্ন ইস্যুতে মুসলিম বিশ্বের প্রতিবাদী কণ্ঠস্বর এরদোগান।
এছাড়া ফ্রান্সের ইসলাম বিদ্বেষী নীতির প্রতিবাদের সোচ্চার তুর্কি প্রেসিডেন্ট ওই অনুষ্ঠানে বলেন, আপনারা অত্যন্ত বেদনার সঙ্গে লক্ষ্য করেছেন, ফ্রান্স বাক-স্বাধীনতার নাম দিয়ে মহানবী মুহাম্মাদ (সা.)-এর অবমাননা করছে। অথচ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত বাকস্বাধীনতা থেকে অনেক দূরে। কারণ বাকস্বাধীনতা ও অবমাননা উভয়টি আলাদা বিষয়।