|
আন্দোলনে বন্ধ শো-রুম অনলাইন অর্ডারে হোম ডেলিভারি, ক্ষুব্ধ ক্ষুদ্র ব্যবসায়ীরা
নতুন সময় প্রতিবেদক
|
![]() আন্দোলনে বন্ধ শো-রুম অনলাইন অর্ডারে হোম ডেলিভারি, ক্ষুব্ধ ক্ষুদ্র ব্যবসায়ীরা শীর্ষ গ্যাজেট বিক্রেতা আপেল গ্যাজেট, সুমাস টেক, রিও ইন্টারন্যাশনাল, কে আর ওয়াই ইন্টারন্যাশনাল ও নুর টেলিকম শো-রুম বন্ধ দেখালেও অনলাইনে অর্ডার নিয়ে হোম ডেলিভারি দিচ্ছে বলে জানা গেছে। সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, যমুনা ফিউচার পার্ক, মোতালেব প্লাজা ও গুলশানের বেশিরভাগ দোকান নিম্নস্তরের ব্যবসায়ীদের নির্দেশে বন্ধ। তবে ক্রেতা সেজে এসব প্রতিষ্ঠানের ফেসবুক পেজ ও হটলাইনে যোগাযোগ করলে তারা নিশ্চিত করে যে স্টক রয়েছে এবং অর্ডার দিলেই নিজস্ব ডেলিভারি ম্যান বা কুরিয়ারের মাধ্যমে দ্রুত হোম ডেলিভারি দেওয়া হবে। সুমাস টেকের এক বিক্রয়কর্মী জানান, শো-রুম বন্ধ, কিন্তু অনলাইনে অর্ডার দিলে আজই ডেলিভারি পাবেন। এ অবস্থায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি বলেন, নেতারা বললেন অস্তিত্ব রক্ষার আন্দোলন, তাই দোকান বন্ধ রাখলাম। কিন্তু তারা নিজেরা অনলাইনে বিক্রি করে কোটি টাকা কামাচ্ছে। এটা সরাসরি প্রতারণা। আরেকজন বলেন, আমাদের অনলাইন প্ল্যাটফর্ম নেই তাই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আর তারা সব কাস্টমার নিজেদের দিকে নিচ্ছে। বাজার বিশ্লেষকেরা বলছেন, এটি সিন্ডিকেটের একচেটিয়া বাজার দখলের কৌশল। সাধারণ দোকান বন্ধ থাকায় অনলাইন ট্রাফিক বাড়ছে, ফলে তাদের বিক্রি কয়েক গুণ বেড়েছে। পাশাপাশি NEIR চালুর আগে গ্রে মার্কেটের স্টক দ্রুত ক্লিয়ার করছেন তারা। আবার শো-রুম বন্ধ রেখে সরকারকে আন্দোলনের চিত্র দেখানো হচ্ছে, কিন্তু আড়ালে ব্যবসা চলছে। ‘বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি’র বিটিআরসি ঘেরাও কর্মসূচি নিয়েও প্রশ্ন তুলছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের মতে, যারা আন্দোলনের আড়ালে নিজেরাই ব্যবসা করছে, তাদের নেতৃত্বে আন্দোলন কতটা সফল হবে তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
