ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬ ১ মাঘ ১৪৩২
২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল নিয়ে জোকোভিচের চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 December, 2025, 9:24 PM

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল নিয়ে জোকোভিচের চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল নিয়ে জোকোভিচের চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী

বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা বিশ্বকাপ নিয়ে উন্মাদনায় মাতে প্রায় প্রতিটি অঙ্গন। ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ নিয়ে কাউন্টডাউন শুরু হয়েছে আরও আগে। ড্র এবং পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করার মধ্য দিয়ে তাতে আরও জোর লেগেছে। এই মেগা ইভেন্ট গলায় সুর তুললেন সার্বিয়ান টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচও। তবে কারা চ্যাম্পিয়ন হবে এ নিয়ে তার ভবিষ্যদ্বাণী বেশ চাঞ্চল্যকর!

আবুধাবিতে চলছে ফর্মুলা-১ গ্র্যান্ড প্রিক্স টুর্নামেন্ট। যা উপভোগ করতে গিয়েছিলেন পুরুষ টেনিসে সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ডস্ল্যামের মালিক জোকোভিচ। সেখানেই জর্ডানের কন্টেন্ট নির্মাতা মোহামেদ আদনানের কাছে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। কারা জিতবে বিশ্বকাপ– এমন প্রশ্নে জোকোভিচের উত্তর, ‘আমি এই ব্যাপারে দুঃসাহস দেখাচ্ছি। পর্তুগাল এবার বিশ্বকাপ জিতবে এবং ফাইনালে তারা মেক্সিকো হারাবে।’ হয়তো পর্তুগাল পর্যন্ত ঠিক ছিল, ক্রিশ্চিয়ানো রোনালদোর দলের সেই সামর্থ্য আছে। কিন্তু মেক্সিকোকে ফাইনালিস্ট বলাটা কিছুটা অবাক করার মতোই।

জোকোভিচের এমন বিস্ময়কর ভবিষ্যদ্বাণী স্পষ্ট হওয়ার লক্ষ্যে পুনরায় প্রশ্ন করেন ওই কন্টেন্ট নির্মাতা। কেন এমন ঝুঁকিপূর্ণ মন্তব্য? জবাবে আবারও আগের মতো করেই জোকোভিচ বলেন, ‘আমি আগেই বলেছিলাম, (এই প্রশ্নের উত্তরে) দুঃসাহস দেখাব। পর্তুগাল এবং মেক্সিকো বিশ্বকাপের ফাইনাল খেলবে এবং সেখানে পর্তুগাল জিতবে।’ 

মেক্সিকো আসন্ন বিশ্বকাপের অন্যতম আয়োজক। তাদের পাশাপাশি মেগা টুর্নামেন্টটি আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও কানাডা। যেখানে হাভিয়ের আগুইরের মেক্সিকান দল ‘এ’ গ্রুপে পড়েছে দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের প্লে-অফ ডিতে (চেক রিপাবলিক/আয়ারল্যান্ড/ডেনমার্ক/উত্তর মেসিডোনিয়া) বিজয়ী দল। আগামী ১১ জুন বিশ্বকাপ আসরের উদ্বোধন হবে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে। সেখানেই উদ্বোধনী ম্যাচে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা লড়বে।

এদিকে, কোচ রবার্তো মার্টিনেজের পর্তুগালকে কিছুটা কঠিন পথ পাড়ি দিতে হবে গ্রুপপর্ব থেকেই। ‘কে’ গ্রুপে পর্তুগালের প্রতিপক্ষ উজবেকিস্তান, কলম্বিয়া ও ফিফা প্লে অফ-১ জয়ী দল (কঙ্গো/জ্যামাইকা বা নিউ ক্যালেডনিয়া)। যুক্তরাষ্ট্রের হিউস্টনে ১৭ জুন নিজেদের প্রথম ম্যাচে রোনালদোর পর্তুগাল বনাম ফিফা প্লে অফ-১ জয়ী দলের মুখোমুখি হবে। শক্তিমত্তায় এবার পর্তুগিজরাও বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে বিমানে উঠবে। রোনালদো ছাড়াও সেই আত্মবিশ্বাস ছড়াচ্ছেন জোয়াও ফেলিক্স, রাফায়েল লেয়াও, বার্নার্দো সিলভা, ভিতিনিয়া, জোয়াও নেভেস, রুবেন দিয়াজদের মতো তারকারা।

প্রসঙ্গত, আগামী ১১ জুন থেকে প্রথমবার ৪৮ দলের অংশগ্রহণে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। তিন দেশের ১৬টি ভেন্যুতে হবে ১০৪টি ম্যাচ। অথচ আগের আসরেও বিশ্বকাপের ম্যাচসংখ্যা ছিল ৬৪টি। গ্রুপপর্ব থেকে শীর্ষ দুটি দল (৩২) যাবে রাউন্ড অব ৩৬–এ। বাকি ৮টি স্লট পূর্ণ হবে গ্রুপপর্বের লড়াইয়ে তৃতীয় স্থানে থাকা সেরা ৮টি দল নিয়ে। এরপর ক্রমান্বয়ে রাউন্ড অব সিক্সটিন, ৮ দলের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ১৯ জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status