|
পানছড়ি সীমান্তে পাচারচক্রের প্রস্তুতি ভেস্তে দিল বিজিবি
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() পানছড়ি সীমান্তে পাচারচক্রের প্রস্তুতি ভেস্তে দিল বিজিবি প্রতিদিনের নিয়মিত টহলের অংশ হিসেবে সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) দুপুরে ৩ বিজিবির গিলাতলী বিওপির সদস্যরা সীমান্তবর্তী আমবাগান এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য উদ্ধার করে। বিজিবির নায়েব সুবেদার মোঃ মোফাজ্জল হোসেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বাংলাদেশি পণ্য ভারতে পাচারের প্রস্তুতিকালে এসব মালামাল উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পণ্যগুলো সেখানে মজুদ করে রেখেছিল। বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে—সিস্টেম প্লাস কীটনাশক, বেবিসেট কীটনাশক, চ্যাপা শুটকি, পপ ক্রিম এবং বনলতা সালসা। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর এক কর্মকর্তা জানান, “দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। পাচারকারীরা যতই নতুন কৌশল অবলম্বন করুক না কেন, সীমান্তে আমাদের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, উদ্ধারকৃত পণ্যসমূহ আইনানুগ প্রক্রিয়ায় চট্টগ্রাম কাস্টমস অফিসে জমাদানের প্রস্তুতি চলছে। বর্তমানে এসব পণ্য বিজিবির হেফাজতে রয়েছে এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
