ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২
চবির লিজকৃত জমিতেই মদ তৈরির গোপন আস্তানা, নারীসহ আটক ২
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
প্রকাশ: Tuesday, 2 December, 2025, 6:57 PM

চবির লিজকৃত জমিতেই মদ তৈরির গোপন আস্তানা, নারীসহ আটক ২

চবির লিজকৃত জমিতেই মদ তৈরির গোপন আস্তানা, নারীসহ আটক ২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জীববিজ্ঞান অনুষদের পেছনের গ্রীনহাউস এলাকার ব্রীজের উত্তর পাশে একটি ঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাংলা মদ, মদ তৈরির সরঞ্জাম ও বন্যপ্রাণী শিকারের অস্ত্রসহ দুজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

সোমবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে প্রক্টর ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও সহকারী প্রক্টর নুরুল হামিদ কাননের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দল এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মদ কারখানা পরিচালনাকারী সুমন চাকমা ও তার নারী সহকর্মীকে আটক করা হয়।

জানা গেছে, সুমন চাকমা প্রায় ১৫ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের লিজকৃত বখতিয়ার ফকিরস্থ এলাকায় বসবাস ও কৃষিকাজ করছিলেন। তার ছোট্ট টিনঘরের পেছনের লম্বা বারান্দা জুড়ে দীর্ঘদিন ধরে চলছিল মদ তৈরির কার্যক্রম।

সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, বায়োলজিক্যাল সায়েন্স এলাকার পুকুরপাড়ে বহিরাগতদের ঘনঘন আনাগোনা ও কয়েকজন শিক্ষার্থীর নিয়মিত যাতায়াত নিরাপত্তা কর্মকর্তাদের সন্দেহের উদ্রেক ঘটায়। কয়েক দফা গোপন নজরদারি ও রেকি চালানোর পর বিষয়টি নিশ্চিত হয়ে রাত ১২টার পর বাড়িটি ঘিরে ফেলা হয়।

তিনি আরও বলেন, আটক সুমনের সঙ্গে থাকা নারী তার স্ত্রী নন বলে জানা গেছে। তল্লাশিতে ঘরের পেছন থেকে প্রায় ৩০ লিটার সদ্য প্রস্তুত গরম মদ, ৫ লিটার ডেক্সি, ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত বোতল এবং মদ তৈরির নানা উপকরণ উদ্ধার করা হয়েছে। মদ বিক্রির হিসাবের নোটবুকও জব্দ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, সুমন চাকমা শুধু মদ ব্যবসাই নয়, দেশীয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের জঙ্গল থেকে বন্য শুকর, হরিণ, বন্য মুরগিসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকার করতেন এবং মাংস বিক্রি করতেন। বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীও তার কাছ থেকে নিয়মিত মদ কিনতেন বলে তথ্য পাওয়া গেছে। ওই এলাকায় নিয়মিত যাতায়াতকারী কয়েক শিক্ষার্থীকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে।

অভিযানের সময় বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোস্তফা কামালের নেতৃত্বে এক দল পুলিশ সহায়তা করে। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বন্যপ্রাণী হত্যা এবং অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সুমন চাকমার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, লিজকৃত জমিতে অবৈধভাবে এই ব্যবসা চালানোর ঘটনায় তার লিজ বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি অনুমতিহীনভাবে গাছ কাটার অভিযোগে আর্থিক জরিমানাও করা হবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status