ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২
স্মার্ট ও নিরাপদ শহর গড়তে চট্টগ্রামে বসছে ক্যামেরা ও সড়কবাতি
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
প্রকাশ: Sunday, 30 November, 2025, 7:03 PM

স্মার্ট ও নিরাপদ শহর গড়তে চট্টগ্রামে বসছে ক্যামেরা ও সড়কবাতি

স্মার্ট ও নিরাপদ শহর গড়তে চট্টগ্রামে বসছে ক্যামেরা ও সড়কবাতি

স্মার্ট ও নিরাপদ শহর গড়তে সড়কবাতির সঙ্গে সিসিটিভি স্থাপন করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এ লক্ষ্যে প্রকল্পের উন্নয়ন প্রস্তাবনা (ডিপিপি) তৈরির জন্য ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

গত সপ্তাহে চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন এ কমিটি গঠন করেন দেন। কমিটির সদস্যদের ৩০ কর্মদিবসের মধ্যে মেয়র বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়বকে আহ্বায়ক ও বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাফকাত বিন আমিনকে সদস্য সচিব করা হয়।

কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন- নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম ও সহকারী প্রকৌশলী মো. সরওয়ার আলম খান।

অফিস আদেশে বলা হয়, ইমপ্লিমেনটেশন অব স্মার্ট লাইটিং (সোলার/নন সোলার) উইথ এআই বেইজড সিসিটিভি সার্ভিল্যান্স সিস্টেম ইন চট্টগ্রাম সিটি এরিয়া ফর এনশিউরিং স্মার্ট অ্যান্ড সেইফ সিটি’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ডিপিপি প্রণয়নের জন্য কমিটি গঠন করা হয়।

কমিটি প্রকল্পের ডিপিপি প্রণয়নের নিমিত্তে তথ্য ও উপাত্ত সংগ্রহ করবে। বাস্তবায়ন নীতিমালার জন্য প্রয়োজনীয় সুপারিশ করবে। প্রাপ্ত তথ্য ও উপাত্তের ভিত্তিতে খসড়া ডিপিপি প্রণয়ন করবে ও এ সংক্রান্ত সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম গ্রহণ করবে। এছাড়া কমিটি প্রয়োজনে যে-কোনো সদস্য কো-অপ্ট করতে পারবে।

কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, যেসব এলাকায় স্ট্রিট লাইট নেই সেখানে প্রকল্পের আওতায় লাইট স্থাপন করা হবে। এছাড়া বিভিন্ন গোলচত্বরে ও বিদ্যমান সড়কবাতির সঙ্গে সিসিটিভি স্থাপন করা হবে। এক্ষেত্রে সড়কবাতির প্রতিটি পোলে স্থাপন করা হবে না। একটি সিসিটিভি যতটুকু দূরত্ব কাভার করবে সেই দূরত্বে যতটা পোল থাকবে তা বাদ দেওয়া হবে। যেমন একটি বৈদ্যুতিক পোল থেকে আরেকটি পোলের দূরত্ব ২৫ মিটার। কিন্তু ভালো মানের সিসিটিভি ২৫০ মিটার পর্যন্ত কাভার করে। ওই হিসেবে একটি স্থাপন করার পোলের পর ১০টি পর্যন্ত পোল বাদ দেওয়ার সুযোগ আছে।

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আমার প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল পরিবেশবান্ধব ও নিরাপদ নগর করা। ৪১ ওয়ার্ডে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলে নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থাপনার আধুনিকায়ন ঘটবে। অন্যদিকে, পরিবেশবান্ধব সোলার সড়কবাতি স্থাপন করা হলে একদিকে যেমন বিদ্যুৎ সাশ্রয় হবে অন্যদিকে পরিবেশ দূষণ কমাবে।

চসিক সূত্রে জানা যায়, প্রকল্পটির লক্ষ্য হচ্ছে নগরজুড়ে আধুনিক স্মার্ট লাইটিং ব্যবস্থা স্থাপন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক সিসিটিভি ক্যামেরা নেটওয়ার্ক স্থাপন করে জননিরাপত্তা নিশ্চিত করা।

চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান- শহরের প্রধান সড়ক, মোড়, সেতু, জনবহুল ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সোলার ও নন-সোলার প্রযুক্তিনির্ভর স্মার্ট লাইট স্থাপনের পাশাপাশি উন্নতমানের নজরদারি ব্যবস্থা চালু করা হবে। এর ফলে অপরাধ দমন, যান চলাচল পর্যবেক্ষণ, দুর্ঘটনা ব্যবস্থাপনা এবং নগর নিরাপত্তায় উল্লেখযোগ্য উন্নতি ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানতে চাইলে কমিটির সদস্য সচিব ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শাফকাত বিন আমিন বলেন, সিটিটিভি ও লাইট বসানোর জন্য আমরা রোডের তালিকা প্রস্তুতের কাজ করছি। ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ তালিকা সম্পন্ন হয়েছে। আমাদের পরিকল্পনা হচ্ছে নগরীর ৪১ ওয়ার্ড কাভার করা। অর্থাৎ ৪১ ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক থাকবে। এরপর আমরা লেন ও বাইলেন কাভার করবো।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status